ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

পুরো রমজানে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পুরো রমজানে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে, রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল।

আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন। শুনানিতে তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাব্না দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র জানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারও কাম্য নয়।

নোটিশের জবাব না পাওয়ায় এ রিটটি দায়ের করা হয়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন