ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:৩৯, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪১, ২৭ অক্টোবর ২০২৬

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

সারের অবৈধ মজুদ, বিপণন ও ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের উপকমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে যেসব ক্ষেত্রে ডিলারশিপের চুক্তি এখনো সম্পন্ন হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে।

গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সারের আমদানি, মজুদ, বিতরণ ও বিপণন এবং ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে কয়েকজন সদস্য ডিলার নিয়োগে দলীয় প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে অনিয়মের অভিযোগ তোলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, অন্তত তিনজন সদস্য ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তাঁদের কেউ কেউ অভিযোগ করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সমর্থকদের ডিলারশিপ দেওয়া হয়েছে। বিরোধীদলীয় একজন সদস্যের অভিযোগ, ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এবং প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দেওয়া হয়েছে।

ডিলারশিপের চুক্তি স্থগিত রাখার সুপারিশ

বৈঠক শেষে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন বণিক বার্তাকে বলেন, সারের আমদানি, মজুদ ও বিপণন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে অহেতুক উদ্বেগের কারণ নেই। তবে ডিলারশিপ নিয়ে কিছু অভিযোগ পাওয়ায় এ কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, জেলা পর্যায়ের সিদ্ধান্ত যদি মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে প্রকাশ করা হয়, তাহলে জেলা পর্যায়ের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। এ ক্ষেত্রে জেলা পর্যায় থেকেই বিষয়টি জানানো হলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।

ছয় জেলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার সুপারিশ

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব এলাকায় সারের ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি করা যাবে না। আর যেসব ক্ষেত্রে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, সেসব অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার সুপারিশ করেছে কমিটি।

সরেজমিন পরিদর্শনে তিন সদস্যের উপকমিটি

সারের বিতরণ, মজুদ ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং অবৈধ মজুদ, বিপণন ও অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করে সুপারিশ দেওয়ার জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। এর অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন ও সাবিরা সুলতানা।

স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। কমিটির সদস্যদের মধ্যে শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোকন উদ্দীন, মুজিবুর রহমান চৌধুরী, সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল বৈঠকে অংশ নেন।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন