ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৫১, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৫১, ১০ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে দীপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো শোক বার্তায় বলা হয়, গত ৮ এপ্রিল (বুধবার) কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন দিপালী। এ সময় ওই এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই দিপালী নিহত হন। একই হামলায় তার কফিল ও পরিবারের আরো কয়েকজন সদস্যও নিহত হন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানকার বর্তমান অবস্থা জানতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

দিপালি বেগম ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাসিন্দা শেখ মুবার মেয়ে। তিনি অবিবাহিত এবং দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। লেবাননে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

দিপালির ছোট বোন লাইজু বেগম বলেন, গত দুই বছর আগে জীবিকার তাগিদে আমার বোন লেবাননে যান। গত ৮ এপ্রিল সকালে তার সঙ্গে কথা হয়। যুদ্ধ শুরু হওয়ার পর গত এক মাস আগে লেবাননের চুড় এলাকা থেকে বৈরুত এলাকায় যান দিপালি। ওই সময় আপু জানিয়েছিলেন, চুড় এলাকায় যুদ্ধের দামামা বেশি, তাই সেখান থেকে তার মালিকের পরিবারসহ বৈরুত এলাকায় স্থানান্তরিত হয়। সেখানেই দিপালিসহ তার মালিক ও তার পরিবারের সদস্যসহ সাতজন নিহত হন। তারা যে ভবনে অবস্থান করছিল সেই ভবনেই বোমা হামলা হয়। তার মরদেহ ওই দেশের পুলিশের জিম্মায় রয়েছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমরা আমাদের কূটনৈতিক চ্যানেলে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন