ঢাকা, সোমবার, ০৯ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ফেব্রুয়ারিতে পিএমআই বেড়ে ৫৫.৭, নির্মাণখাত ছাড়া সব খাতে প্রবৃদ্ধি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:২১, ৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:২১, ৮ মার্চ ২০২৬

ফেব্রুয়ারিতে পিএমআই বেড়ে ৫৫.৭, নির্মাণখাত ছাড়া সব খাতে প্রবৃদ্ধি

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সামগ্রিক ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)’ স্কোর জানুয়ারির তুলনায় ১ দশমিক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৫ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে নির্মাণখাত ছাড়া অর্থনীতির সব প্রধান খাতে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। যা অর্থনৈতিক কর্মকাণ্ডে দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

আজ  রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে ‘বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)’ ফেব্রুয়ারি ২০২৬-এর প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সামগ্রিক পিএমআই সূচক জানুয়ারির তুলনায় ১ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫৫ দশমিক ৭-এ পৌঁছেছে। এই সূচক দেশের কৃষি, উৎপাদন ও সেবা খাতে শক্তিশালী প্রবৃদ্ধির প্রতিফলন ঘটালেও নির্মাণ খাত পুনরায় সংকোচনের দিকে ফিরে গেছে।

কৃষি খাতে টানা ষষ্ঠ মাসের মতো সম্প্রসারণ রেকর্ড হয়েছে এবং তা আগের তুলনায় দ্রুততর হয়েছে। নতুন ব্যবসা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সূচকগুলো দ্রুততর সম্প্রসারণ দেখিয়েছে। পাশাপাশি উপকরণ ব্যয় ও বকেয়া অর্ডারের সূচকও পুনরায় সম্প্রসারণে ফিরেছে। তবে, কর্মসংস্থান সূচক সংকুচিত হয়েছে এবং এর সংকোচনের গতি বেড়েছে।

উৎপাদন খাত টানা ১৮ মাস ধরে সম্প্রসারণের মধ্যে রয়েছে এবং ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধির গতি আরো বেড়েছে। নতুন অর্ডার, কারখানা উৎপাদন, আমদানি, উপকরণের মূল্য এবং সরবরাহকারীদের ডেলিভারি সূচকে ধারাবাহিক সম্প্রসারণ লক্ষ্য করা গেছে। তবে, নতুন রপ্তানি, প্রস্তুত পণ্য এবং কর্মসংস্থান সূচক সংকোচনে রয়েছে। বকেয়া অর্ডারের সূচকও এ মাসে পুনরায় সংকোচনের দিকে গেছে।

নির্মাণ খাত জানুয়ারিতে সম্প্রসারণের পর ফেব্রুয়ারিতে আবার সংকোচনের দিকে ফিরে গেছে। নতুন ব্যবসা, কর্মসংস্থান ও বকেয়া অর্ডার সূচকে সংকোচন দেখা গেলেও নির্মাণ কাজ ও উপকরণ ব্যয়ের সূচকে সম্প্রসারণ রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সেবা খাত টানা ১৭ মাসের মতো সম্প্রসারণ ধরে রেখেছে এবং ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধির গতি আরো বেড়েছে। এ খাতে নতুন ব্যবসা, ব্যবসায়িক কর্মকাণ্ড, কর্মসংস্থান, উপকরণ ব্যয় এবং বকেয়া অর্ডার-সব সূচকেই সম্প্রসারণ লক্ষ্য করা গেছে।

ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক অনুযায়ী কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা-সব প্রধান খাতেই ধারাবাহিক সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে, যা ব্যবসায়িক প্রত্যাশার টেকসই উন্নতির প্রতিফলন।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, ফেব্রুয়ারি মাসের পিএমআই অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি পরিমিত ও মৌসুমি প্রভাবচালিত ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই প্রবৃদ্ধি মূলত রমজানকে সামনে রেখে কৃষি ও সেবা খাতে চাহিদা বৃদ্ধির প্রতিফলন।

তিনি আরো বলেন, প্রধান খাতগুলোতে ভবিষ্যৎ ব্যবসায়িক সূচকের ধারাবাহিক সম্প্রসারণ টেকসই ব্যবসায়িক আশাবাদের ইঙ্গিত দেয়। তবে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে বিশেষ করে সেবা ও খুচরা খাতে বিক্রি বাড়তে পারে।

পিএমআই একটি অগ্রণী উদ্যোগ, যার লক্ষ্য দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সময়োপযোগী এবং সঠিক ধারণা প্রদানের মাধ্যমে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতি-নির্ধারকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা। এটি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ কর্তৃক যুক্তরাজ্য সরকারের অর্থায়নে এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)-এর প্রযুক্তিগত সহায়তায় তৈরি করা হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন