ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

নবম পে-স্কেল অনুমোদন, সরকারি চাকরিতে বড় বেতন বৃদ্ধি 

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন, সরকারি চাকরিতে বড় বেতন বৃদ্ধি 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই অর্থবছরে তিন ধাপে এই পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন বেতন কাঠামোয় আগের মতোই সরকারি চাকরিতে ২০টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে মূল বেতন বাড়ছে প্রায় ১৪২ শতাংশ।

২০তম গ্রেডের নতুন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত। অর্থাৎ এই গ্রেডে চাকরিতে যোগদানের সময় মূল বেতন হবে ২০ হাজার টাকা, যা নির্ধারিত ধাপ অনুযায়ী সর্বোচ্চ ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে সরকারি চাকরির সর্বোচ্চ স্তর প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকের পর পিআইডির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, সরকারি চাকরিতে মোট ২০টি গ্রেড রয়েছে। প্রথম গ্রেডে বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। ১১তম গ্রেড পর্যন্তও সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে।

নতুন পে-স্কেলে প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতাও চালু করা হচ্ছে। এ সুবিধার আওতায় যোগ্য সরকারি চাকরিজীবীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।
 

ব্যাংকার প্রতিবেদন

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন