ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফাল্গুন ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

সাত কলেজের জন্য হওয়া নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এ এস মো. আবদুল হাছিব।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, রোববার দিনের শেষ ভাগে এই নিয়োগ হয়। আজ সোমবার এই নিয়োগের প্রজ্ঞাপন ওয়েবসাইটে পাওয়া যাবে।

মো. আবদুল হাছিব বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে তিনি নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হলেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১ (১) ধারা অনুযায়ী আবদুল হাছিবকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি উপাচার্য পদে যোগদানের পূর্বে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন ও বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করে নিজ দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন