ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮

জনবল পুনর্গঠন: ডিএসই’র চার ডিজিএমকে চাকরি থেকে অব্যাহতি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:২৩, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১০:২৪, ২৬ জুন ২০২৬

জনবল পুনর্গঠন: ডিএসই’র চার ডিজিএমকে চাকরি থেকে অব্যাহতি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারজন উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজন সিনিয়র ম্যানেজার এবং দুজন কর্মচারীকেও চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। জনবল পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চাকরি হারানো চার ডিজিএম হলেন— জেনারেল অ্যাডমিন বিভাগের মো. আব্দুল লতিফ ও হোসনে আরা পারভীন, আইসিটি বিভাগের শাহিন সারওয়ার এবং ইনভেস্টর প্রটেকশন ফান্ডের সমন্বয়ক আব্দুর রাজ্জাক।

চাকরিচ্যুত কর্মকর্তাদের দেওয়া পৃথক চিঠিতে বলা হয়েছে, ডিএসই’র সাংগঠনিক পুনর্বিন্যাস ও বর্তমান প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট পদগুলো আর প্রয়োজনীয় নয়। ফলে তাদের চাকরি তাৎক্ষণিকভাবে অবসান করা হয়েছে। তবে চাকরির চূড়ান্ত নিষ্পত্তির অংশ হিসেবে প্রাপ্য সকল আর্থিক সুবিধা পরিশোধ করা হবে। পাশাপাশি সদিচ্ছার নিদর্শন হিসেবে অতিরিক্ত দুই মাসের সমপরিমাণ বেতনও দেওয়া হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, চাকরি অবসানের দিনেই পরিচয়পত্র, অফিসিয়াল নথিপত্র, বিজনেস কার্ডসহ প্রতিষ্ঠানের সব সম্পদ ও গোপনীয় তথ্য সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। চাকরি শেষ হওয়ার পরও প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতা বহাল থাকবে।

তবে আকস্মিক এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তারা। তাদের একজন বলেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তাকে ডেকে চাকরি অবসানের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। ডিএসই’র ইতিহাসে এমন ঘটনার নজির খুবই কম বলে তিনি দাবি করেন।

এদিকে হুট করে চার শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘটনায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে সংস্থাটির ভেতরে। ডিএসই কর্তৃপক্ষ বিষয়টিকে জনবল পুনর্গঠনের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

ডিএসই-এর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়। বরং প্রতিষ্ঠানকে আরও দক্ষ ও কার্যকর করতে দীর্ঘমেয়াদি ‘রিসোর্স অপটিমাইজেশন’ পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএসই এর লক্ষ্য, জনবল পুনর্গঠনের মাধ্যমে ডিএসইকে আধুনিক ও কার্যকর কাঠামোয় রূপান্তর করা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন