ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৬
উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে মাদারীপুরে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচি শুরু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) সহযোগিতায় গত ২৪ আগস্ট এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এতে মাদারীপুরের মোট ২৬ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
কর্মসূচির মূল লক্ষ্য উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও আর্থিক সেবার আওতায় নিয়ে আসা। ব্যবসা সম্প্রসারণ, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাও দেওয়া হবে প্রশিক্ষণে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) মো. মাসুম বিল্লাহ। তিনি বলেন, প্রতিযোগিতামূলক উদ্যোক্তা সমাজ গড়ে তুলতে এবং উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমটিবির ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন এ. কে. এম. তারেক এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) মোহাম্মদ ওয়াসিম।
তারা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের উদ্যোক্তা বাস্তুতন্ত্রে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবির হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন মঞ্জু কুমার দে। তিনি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এসআইসিআইপি, এডিবিসহ সংশ্লিষ্ট অংশীদারদের ধন্যবাদ জানান।
আয়োজকদের মতে, মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের উপযোগী করে তোলা, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়ানোর পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
ব্যাংকার প্রতিবেদন