ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৫-২৬’ স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল পান ইনফ্লুয়েনশিয়াল বিজনেস লিডার ইন এশিয়া সম্মাননা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাইয়ে ব্র্যান্ড অ্যাডভারটাইজিং রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড (বিএআরসি এশিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। এমজিআই ও মোস্তফা কামালের পক্ষে এমজিআইয়ের হেড অব চার্টারিং রেমজি ইসেভার পুরস্কার গ্রহণ করেন।
ইনডিপেনডেন্ট রিসার্চ প্রসেস ও এক্সপার্ট জুরি প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে সম্মাননা নির্ধারিত হয়। এতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্ভাবন, ভোক্তা সাধারণের আস্থা অর্জন এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক নেতৃত্বের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) জানায়, তারা পাঁচ দশকের বেশি সময় ধরে দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি), নির্মাণসামগ্রী, জ্বালানি, হসপিটালিটি ও আর্থিক সেবা খাতসহ ৫৭টি শিল্প ইউনিট পরিচালনা করছে। বর্তমানে প্রতিদিন দেশের প্রতি দুটি পরিবারের একটি এমজিআইয়ের পণ্য ব্যবহার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের শিল্প খাতে এমজিআইকে অন্যতম প্রধান শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল। বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠানটির বিস্তৃত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, অবকাঠামো, ব্যাংকিং, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী নেতৃত্ব প্রদানের জন্য তিনি এ সম্মাননা পান।
যেসব ব্র্যান্ড ঐতিহ্য, টেকসই অগ্রযাত্রা এবং উন্নত পণ্য ও সেবার সমন্বয়ের মাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করে ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের এই প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন