ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ২০:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাতে আইসিএসবি প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. মোস্তাকুর রহমানকে অভিনন্দন জানান।

এ সময় করপোরেট খাতে পেশাদারিত্ব, সুশাসন, নিয়ন্ত্রক পরিপালন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে আইসিএসবির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগে আইসিএসবির পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার বিষয়ে ইনস্টিটিউটের অঙ্গীকার ব্যক্ত করেন আইসিএসবি প্রেসিডেন্ট। পাশাপাশি গভর্নরের সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়।

মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ ব্যাংক ও আইসিএসবির মতো পেশাজীবী প্রতিষ্ঠানের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোত্তম চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইসিএসবি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি প্রতিনিধিদলকে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে আইসিএসবি প্রতিনিধিদল গভর্নরকে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তাঁর অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা আইসিএসবির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস, ট্রেজারার মো. মিজানুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ্‌ আল মামুন এফসিএস, মো. হুমায়ুন কবির এফসিএস, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
 

ব্যাংকার প্রতিবেদন

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন