ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী এ খাতের সাথে সংশ্লিষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে।

আগামী এক বছরে কৃষি পণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। দেশের কৃষিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ হতে নব নিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এএ

আরও পড়ুন