ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:১৮, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১৮:১৮, ২৩ জুন ২০২৬

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে দুটি পুনঃ অর্থায়ন স্কিম বা কর্মসূচিতে অংশগ্রহণ করবে ঢাকা ব্যাংক। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, দেশের কুটির, মাইক্রো বা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে সহজ শর্তে এবং স্বল্প সুদে অর্থায়ন করবে ঢাকা ব্যাংক।

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শিল্পসচিব আবদুন নাসের খান এবং এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা ব্যাংকের এএমডি এ কে এম শাহনেওয়াজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী, ঢাকা ব্যাংক দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়ন সুবিধা দেবে। ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এফভিসিআইপি) আওতায় নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।

আর ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় উৎপাদন ও সেবা খাতের মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে চলতি মূলধন, ব্যবসা সম্প্রসারণ এবং মূলধনি সম্পত্তি আমদানির জন্য অর্থায়ন সুবিধা পাবেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন