ব্যাংকার ডেস্কঃ
প্রকাশ: ১৫:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর ব্যবসার বিকাশে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি’ এবং ‘আইসিটি খাতের উন্নয়ন’ সংক্রান্ত পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে যোগ্য ব্যবসা ও প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়াবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশের সবুজ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে আইপিডিসির।
২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুনঃঅর্থায়ন কর্মসূচি দুটিতে আইপিডিসি ফাইন্যান্সের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পরিবেশবান্ধব কারখানা ও সবুজ শিল্প স্থাপনে বিভিন্ন যোগ্য প্রকল্পে অর্থায়নের সুযোগ রয়েছে।
অন্যদিকে, আইসিটি খাতের উন্নয়ন-সংক্রান্ত পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সফটওয়্যার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক, ডেটা অ্যানালিটিকস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ই-কমার্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবসায় অর্থায়নের সুযোগ তৈরি হবে।
এ স্কিমের আওতায় নির্দিষ্ট যোগ্য আইসিটি পণ্য ও সেবার পাশাপাশি আইসিটি খাতের নারী উদ্যোক্তারাও অগ্রাধিকার পাবেন।
আইপিডিসি ফাইন্যান্স জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্ভাবনাময় খাতে দায়িত্বশীল অর্থায়ন বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সবুজ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী। আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আশিক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “দায়িত্বশীল অর্থায়ন টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের সবুজ অর্থনীতিতে রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যবসাগুলোর পাশে থাকতে চাই।”
প্রতিষ্ঠানটি জানিয়েছে, টেকসই অর্থায়ন, এসএমই উন্নয়ন ও দায়িত্বশীল ঋণ প্রদানের ওপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এমন ব্যবসা ও উদ্যোগে অর্থায়ন অব্যাহত রাখবে, যা দেশের আরও স্থিতিশীল, উদ্ভাবনী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।
ব্যাংকার ডেস্কঃ