ব্যাংকার ডেস্কঃ
প্রকাশ: ২০:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৬
দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন তরুণ উদ্যোক্তাকে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে।
‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় মোট ৫ হাজার ৩০ জন উদ্যোক্তাকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাভেদে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
অর্থায়নের একটি অংশ আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে দেওয়া ঋণ হিসেবে। এ ঋণের সুদহার হবে ৪ থেকে ৭ শতাংশ। পাশাপাশি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে দেওয়া হবে শর্তসাপেক্ষ অনুদান। অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করলে তা ফেরত দিতে হবে না; অন্যথায় অনুদানটি ঋণে পরিণত হবে।
প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলায় কর্মসূচিটি শুরু করা হবে। সফল হলে পর্যায়ক্রমে তা দেশের সব জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ৫০০ কোটি টাকার তহবিলের ২৫০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো।
আবেদন, যাচাই-বাছাই ও ব্যবসায়িক সম্ভাবনা মূল্যায়নের মাধ্যমে উদ্যোক্তা নির্বাচন করা হবে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রান্তিক পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের প্রাথমিক মূলধন ও প্রাতিষ্ঠানিক সহায়তার ঘাটতি দূর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসার টেকসই বিকাশে গতি আসতে পারে।
ব্যাংকার ডেস্কঃ