ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে দাঁড়ালেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে পরিদর্শনে যায়।
তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং জোহরার সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় মিথুন বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে দিশেহারা অবস্থায় রয়েছেন। তালাকের বিষয়টি শরিয়ত সম্মত কি না, তা যাচাই প্রক্রিয়াধীন।
এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন