ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:৫৫, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৬:৫৬, ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খোলার চুক্তির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে গেছে।
সোমবার টোকিওতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৪.৩৯ শতাংশ কমে ৮১.১৫ ডলারে নেমে আসে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গত ৪ মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নামলো।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, তেলের এই মূল্যহ্রাস বাজারের জন্য খুবই ইতিবাচক, তবে বাজার স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লাগবে।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী সংস্থা র্যাপিডান অ্যানার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, “গত ২৮ ফেব্রুয়ারি যেদিন যুদ্ধ শুরু হলো, সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭০ ডলারের আশেপাশে। যুদ্ধের পর তা বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে ১০০ ডলার ছাড়িয়ে যায়।”
যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননসহ সব ফ্রন্টে ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ সামরিক অভিযান বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই পতন দেখা যায়।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’
তিনি আরও ঘোষণা দেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।
ট্রাম্প বলেন, ‘আমি হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং ইরান বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’
তিনি বলেন, ‘বৈশ্বিক জাহাজগুলো চলতে শুরু করুক। তেলের প্রবাহ শুরু হোক।’
এর কিছুক্ষণ পর ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের ‘তাৎক্ষণিক অবসান’ ঘটেছে।
তবে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনিস বলেন, এটি এখনো একটি ‘প্রাথমিক পর্যায়ের চুক্তি’, চূড়ান্ত শান্তিচুক্তি নয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন