ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:২১, ১৫ জুন ২০২৬ | আপডেট: ২২:২২, ১৫ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। এ দিন ব্যাংকটিকে আরও আড়াই হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন।
তিনি জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ব্যাংকটি। টাকা উত্তোলনের চাপ কমেছে বলে জানান তিনি।
আলতাফ হুসাইন বলেন, গতকালও আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছি। সেই অর্থের পুরোটা এখনো ব্যবহার করতে হয়নি। আশা করি, যাঁরা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন, তাঁরা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।
তিনি আরও জানান, দেশের একটি বড় শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের (অ্যাকাউন্ট ক্লোজড) পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমে গেছে, যা গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত বহন করে।
এদিকে ইসলামী ব্যাংকে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন