ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৪৩, ১২ জুন ২০২৬ | আপডেট: ২২:৪৩, ১২ জুন ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ইসলামি ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে না। ব্যাংকটির কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক কোনো অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করেনি।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামি ব্যাংকে ৫ সদস্যের একটি বোর্ড ছিল। ওই বোর্ডের একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কারও বদলি বা পদোন্নতির বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে ইসলামি ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে। কিন্তু বাস্তবে এমন কিছু হয়নি।
মোস্তাকুর রহমান বলেন, ঈদের আগের দিন সকাল থেকে ইসলামি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান শুরু হয়। পরে বিকেলে তিনি পদত্যাগ করেন। এরপর পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আইন ও বিধিমালা রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো প্রয়োগ করা হবে জানান তিনি।
গভর্নর আশ্বস্ত করে বলেন, আমার মনে হয় না যারা আমানতকারী, তাদের কোনো সমস্যা হবে। আমানতকারীরা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে জরুরি তারল্য সহায়তা (ইমারজেন্সি লিকুইডিটি) চেয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেই সহায়তা দেওয়া হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন