ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৩৮, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৩৮, ১০ মার্চ ২০২৬
সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট’ বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী সুবিধা দিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।
মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই উদ্যোগের ফলে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন।
প্রথম প্যাকেজের আওতায়, এসইএ-এমই-ডব্লিউই-৪ সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার-সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রিপেইড গ্রাহক যদি ২০০জি নতুন ক্যাপাসিটি ক্রয় করেন, তবে তাকে অতিরিক্ত ১০০জি ক্যাপাসিটি বিনামূল্যে দেওয়া হবে। একইভাবে ১০জি নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ১০জি’র বিপরীতে আরও একটি ১০জি ক্যাপাসিটি বোনাস হিসেবে দেওয়া হবে।
যেসব গ্রাহকদের বকেয়া রয়েছে, তারা ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট শিডিউলসহ সম্পূর্ণ বকেয়ার জন্য পোস্ট- ডেটেড চেক প্রদান করলে, তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
অফারটি শুধু নতুন অতিরিক্ত ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ক্যাপাসিটি থাকা পর্যন্ত ‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে।
আজ থেকে এই প্যাকেজটি কার্যকর হবে।
এছাড়া, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র আইপি ট্রানজিট সেবার অধীন শূন্য বকেয়া প্রিপেইড গ্রাহকদের জন্য ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’ প্যাকেজ চালু করা হয়েছে। এ প্যাকেজের আওতায় গ্রাহকরা নির্ধারিত শর্ত সাপেক্ষে ৭০ শতাংশ পর্যন্ত বিনামূল্যে বোনাস লিমিটেড ডেস্টিনেশন ব্যান্ডউইডথ সুবিধা পাবেন। এই সুবিধা বিএসসিপিএলসি’র কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে দেওয়া হবে এবং প্রতিষ্ঠানের সংযুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারসমূহের ডেস্টিনেশন ব্যান্ডউইথের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্যাকেজটি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি জানিয়েছে, নতুন এই প্রণোদনা প্যাকেজগুলো দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসমূহকে আরও সাশ্রয়ী মূল্যে [প্রতি মেগাবিট ডাটা ৯০ টাকারও কম মূল্যে] আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ করে দেবে এবং তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন