ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৫৫, ১০ মে ২০২৬ | আপডেট: ২২:৫৫, ১০ মে ২০২৬
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনার জন্য ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই করা হয়েছে।
রোববার (১০ মে) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানস ঝাটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যাংক রেজল্যুশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে। ব্যাংক খাত আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোয় আনতে ব্যাংক রেজল্যুশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আরও বলেন, নতুন ঋণ সহায়তা নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়ও উঠে আসে বৈঠকে।
বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
প্রসঙ্গত, যুদ্ধজনিত প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি মোকাবিলায় উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোর জন্য বিশ্বব্যাংক ২ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ তহিবল থেকে ১০০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চলতি অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে ৫০ কোটি ডলারের পাশাপাশি কিছু প্রকল্প ঋণ নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে।
ব্যাংকার প্রতিবেদন