নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা কোম্পানির সংঘস্মারক (মেমোরেন্ডাম) পরিবর্তনের অনুমোদন আদালতের পরিবর্তে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) রেজিস্ট্রারের হাতে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের আগে আরজেএসসির সক্ষমতা বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়ার বিধান আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি আইন-১৯৯৪-এর খসড়া সংশোধনী নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব দাবি উঠে আসে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। তিনি জানান, কোম্পানি আইনের ৪০টি ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসা সহজ করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করা, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, করপোরেট সুশাসন জোরদার এবং সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কাঠামো যুক্ত করাই এসব সংশোধনের মূল লক্ষ্য।
খসড়া সংশোধনী অনুযায়ী, সংঘস্মারক পরিবর্তনের অনুমোদন আদালতের পরিবর্তে আরজেএসসির রেজিস্ট্রারের হাতে দেওয়া হবে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া দীর্ঘদিন ব্যবসা না করা বা টানা দুই অর্থবছর আয়কর রিটার্ন জমা না দেওয়া নিষ্ক্রিয় কোম্পানির নাম নিবন্ধন বই থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া সহজ করার প্রস্তাব রয়েছে।
কোম্পানির নাম পরিবর্তনের আদেশ অমান্য করলে দৈনিক জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এক ব্যক্তির কোম্পানি বা ওপিসির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের ন্যূনতম সীমা ২৫ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ মূলধনের সীমা ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। এক অর্থবছরে ১ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাবও রাখা হয়েছে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা আরজেএসসির সেবার মান ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির বলেন, কোম্পানির দলিলপত্র ডিজিটালভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হলেও শুধু কাগজের নথি কম্পিউটারে রাখলেই হবে না। তথ্যের নিরাপত্তা, নির্ভুলতা ও গোপনীয়তা নিশ্চিত করে একটি নির্ভরযোগ্য ডিজিটাল করপোরেট ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সংঘস্মারক পরিবর্তনের ক্ষমতা রেজিস্ট্রারের হাতে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে ব্যবসায়ীরা কোথায় প্রতিকার চাইবেন—মন্ত্রণালয় নাকি আদালতে—তা স্পষ্ট করার দাবি জানান।
এফএলএএক্সএর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আরজেএসসির ব্যবস্থাপনায় আরও পেশাদারত্ব আনতে হবে। সংস্থার প্রধানকে ঘন ঘন বদলি না করে ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়ার বিধান আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এক ব্যক্তির কোম্পানির নামের শেষে ‘ওপিসি’র পরিবর্তে ‘লিমিটেড’ রাখার প্রস্তাব দেন। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম কোম্পানির নামের সাদৃশ্যের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি প্রয়োজন হলে কোম্পানি বাতিলের ক্ষমতা রেজিস্ট্রারকে দেওয়ার দাবি জানান।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ ইতিবাচক। কোম্পানি আইন ব্যবসা পরিচালনার মূল আইন হওয়ায় অন্য কোনো আইনের মাধ্যমে এর বিধান খর্ব করা উচিত নয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ১৯৯৪ সালে কোম্পানি আইন প্রণয়নের পর মাত্র দুবার ছোট পরিসরে সংশোধন করা হয়েছে। এখন আইনটিকে সময়োপযোগী করতে সরকার উদ্যোগ নিয়েছে। ব্যবসা পরিচালনার নিয়ম ও পদ্ধতি আধুনিক করতে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি ব্যবসায়ী নেতাদের এক মাসের মধ্যে কোম্পানি আইন সংশোধন বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতির কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কোম্পানি আইন সংশোধন সেই বৃহৎ কর্মপরিকল্পনারই একটি অংশ।
সভায় জানানো হয়, বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চলতি মাসেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক