ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

পেনশন বাড়ছে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পেনশন বাড়ছে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাড়ছে পাঁচ ধাপে। নতুন বেতনকাঠামো অনুযায়ী, বর্তমানে যাঁরা তুলনামূলক কম পেনশন পান, তাঁদের পেনশন বৃদ্ধির হার হবে বেশি। নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, বর্তমানে মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির মাসিক পেনশন বেড়ে হবে ১৮ হাজার টাকা।

একইভাবে ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৬৫ শতাংশ।

এ ছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬০ শতাংশ। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

ফলে নতুন কাঠামোয় সর্বোচ্চ মাসিক পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা। বর্তমানে যাঁরা মাসে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পান, তাঁরা নতুন কাঠামোয় এই হারে পেনশন পাবেন।

গত বৃহস্পতিবার নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার এটি প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নতুন বেতনকাঠামোর প্রস্তাব অনুমোদন করে।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই একই সঙ্গে এ পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তবে ওআরওপি চালু করতে বিপুল অর্থের প্রয়োজন হবে। পাশাপাশি বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগে অবসর নেওয়া ব্যক্তিদের তথ্য না থাকায় পদ্ধতিটি ধাপে ধাপে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন