ঢাকা, সোমবার, ০৯ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৫০, ৯ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫১, ৯ মার্চ ২০২৬

ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজারেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে দাম বাড়ার সম্ভাবনা নেই।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ভোজ্যতেলের সরবরাহে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তারা। তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেননা দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দাম বাড়বে না জানিয়ে তিনি বলেন, ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তাই কাউকে অতিরিক্ত ভোজ্যতেল না কেনার আহ্বান রইল।

তিনি বলেন, গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা প্রতি লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এ বৈঠক করা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোথাও কোথাও ভোক্তারা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে তেল কিনে নেওয়ায় কিছু দোকানে সাময়িকভাবে মজুত শেষ হয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই।

নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন রাস্তার পাশের বড় দোকানগুলোতে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কোনো প্রয়োজন নেই। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় অযথা প্রতিযোগিতা তৈরি করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল-কোনোটিতেই ঘাটতি নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানান তিনি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন