ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:২৩, ৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:২৪, ৪ মার্চ ২০২৬
সরকারের প্রশাসনিক কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর দুইজন উপদেষ্টা ও আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করা হয়েছে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন দু’টি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রিগণের মধ্যে দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬ এর রুল তিন(চার) অনুযায়ী প্রতিমন্ত্রিগণের মধ্যে নিম্নরূপভাবে দায়িত্ব/দপ্তর পুনর্বণ্টন করেছেন।’
প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়।
প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬ এর রুল তিন(চার) অনুযায়ী উপদেষ্টাগণের মধ্যে নিম্নরূপভাবে দায়িত্ব/দপ্তর পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা এবং উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এএ
ব্যাংকার প্রতিবেদন