ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:৩২, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৩২, ১৫ মার্চ ২০২৬
পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রডশীট জবাব সময়মতো প্রেরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশীট জবাব সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার সহকারী সচিব মো. সেলিম সিকদার স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ব্রডশীট জবাব প্রেরণের নির্দেশনা দিলেও দীর্ঘ সময় পরেও তা পাওয়া যায় না। এই দীর্ঘসূত্রতার কারণে অনেক শিক্ষক-কর্মচারী অবসরে যান বা মৃত্যুবরণ করেন। ফলে প্রতিবেদনে উল্লিখিত গুরুতর আর্থিক ও প্রশাসনিক আপত্তিসমূহ নিষ্পত্তি করা সম্ভব হয় না।
আদেশে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা ব্রডশীট জবাব দিতে দেরি করাকে দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা হিসেবে গণ্য করা হবে। এমতাবস্থায় পেন্ডিং থাকা সকল ব্রডশীট জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে ‘এমপিও নীতিমালা-২০২৫’ এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী, সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত অথবা বাতিল করা হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন