ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬

৪ চৈত্র ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৪১, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৪১, ১৮ মার্চ ২০২৬

মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগসমূহের সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য দায়িত্ব বণ্টন করেছে সরকার। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের অনুকূলে এ দায়িত্ব নির্দিষ্ট করে মঙ্গলবাার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদানসহ সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন।

শীর্ষ পর্যায়ের দায়িত্ব বণ্টন

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর হাতে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বিকল্প হিসেবে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

নৌপরিবহন ও সেতু বিভাগের বিকল্প দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো মন্ত্রণালয় বা বিভাগের মূল দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত—উভয় মন্ত্রীই যদি সংসদে অনুপস্থিত থাকেন, তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এসব কার্যাবলি সম্পাদন করবেন।

এএ

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন