ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৫:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলোর কাছে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালকের চাহিদার পরিপ্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। সেই পরিচালক ব্যক্তিগত প্রয়োজনে এই তথ্য চেয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

ব্যাংকগুলোতে গত ২৯ জানুয়ারি পাঠানো এক বার্তায় বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ জানায়, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের একজন সদস্যের জরুরি নির্দেশনা মোতাবেক ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখভিত্তিক সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লি ঋণের মোট আসল, সুদ/মুনাফা এবং বকেয়া স্থিতির তথ্য ই–মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

কেন একজন পরিচালকের চাহিদার পরিপ্রেক্ষিতে তথ্য চাওয়া হয়েছে, জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘একজন পরিচালকের চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে তথ্য চাওয়া হয়েছে। তিনি কেন চেয়েছেন, তা জানি না।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নওগাঁ জেলায় নির্বাচনী এক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন, তখন উনি ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছিলেন। আর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছিলেন।’ বিএনপি সরকার গঠন করলে যেসব কৃষক ভাইদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আছে, সেই ঋণ সুদসহ পুরোটা মওকুফ করার কথা জানান তারেক রহমান।
 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন