ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা

দুদফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায় দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রিুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

আজ সকালে দেওয়া বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ২ ফেব্রুয়ারি বিকেলে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা নির্ধারণ করা হয়। যা ২ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৩ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণে রদাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন