ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

বেতন দুই ধাপ অবনমিত করে এনবিআর কর্মকর্তা মাসুমার বরখাস্ত আদেশ প্রত্যাহার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

বেতন দুই ধাপ অবনমিত করে এনবিআর কর্মকর্তা মাসুমার বরখাস্ত আদেশ প্রত্যাহার

বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে মূল বেতন দুই ধাপ অবনমিত করে এনবিআরের আরও এক কর কর্মকর্তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এবার সাময়িক বরখাস্তকৃত যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৫ সালের ১৫ জুলাই এক আদেশে এনবিআরের কর বিভাগের ওই যুগ্ম কর কমিশনারসহ কর বিভাগের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এনবিআর আদেশ সূত্রে জানা, মাসুমা খাতুন কর অঞ্চল-২, ঢাকায় কর্মরত থাকাকালে ২০২৫ সালের ২৪ জুন রাজস্ব ভবনের প্রবেশপথে অবস্থান করে এনবিআরের জারি করা বদলির আদেশ আইনসংগত কারণ ছাড়াই ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। ওই আচরণকে ঔদ্ধত্যপূর্ণ এবং চাকরি শৃঙ্খলার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ৩০এ বিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়।

অভিযুক্ত কর্মকর্তা কৈফিয়তের জবাব দাখিল ও ব্যক্তিগত শুনানির আবেদন পর্যালোচনা শেষে মাসুমা খাতুনের বিরুদ্ধে বেতন গ্রেড দুই ধাপ অবনমিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

একই রকম আদেশ দিয়ে গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন