ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৪:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৬
স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতির মধ্যেই ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি নেমে এসেছে ২ লাখ ৫১ হাজার টাকায়।
আজ সোমবার (০২ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। এ প্রসঙ্গে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, গতকাল আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল। প্রতি আউন্সে ২০০ ডলারের মতো দরপতন হয়েছে।
তিনি জানান, পরিবর্তিত বাজার পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে বৈঠক করে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতেও দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। তার আগে শুক্রবার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওই সময় ভরিতে কমায় ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৭ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
এএ
ব্যাংকার প্রতিবেদন