ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
গত জানুয়ারি মাসে গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে টয়োটা। বছরের প্রথম মাসে জাপানি কোম্পানিটির গাড়ি বিক্রি ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮ লাখ ২২ হাজার ৫৭৭ ইউনিটে দাঁড়িয়েছে।
গত বৃহস্পতিবার টয়োটা এ তথ্য জানায়। খবর জাপান টুডে।
টয়োটার এ প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে হাইব্রিড গাড়ির ক্রমবর্ধমান জনপ্রিয়তা। বিশেষ করে উত্তর আমেরিকার বাজারে করোলা ও ক্যামরি সেডান গাড়ির প্রতি গ্রাহকদের বাড়তি ঝোঁক দেখা গেছে।
বিদেশের বাজারে প্রতিষ্ঠানটি রেকর্ড ৬ লাখ ৯৯ হাজার ৫১২টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি।
ইউরোপের বাজারেও টয়োটার প্রবৃদ্ধি ছিল চোখে পড়ার মতো, সেখানে বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ শতাংশে। অন্যদিকে চীনে করোলা ক্রস মডেলের ব্যাপক চাহিদার কারণে বিক্রি বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।
তবে জাপানের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কিছুটা কমেছে। পরিবেশবান্ধব গাড়ির ক্ষেত্রেও টয়োটার হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির (ইভি) বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে নতুন মডেলের প্রস্তুতির কারণে বৈশ্বিক উৎপাদন সামান্য কমলেও বছরের শুরুতেই এমন রেকর্ড বিক্রি টয়োটার জন্য বড় একটি মাইলফলক।
এএ
ব্যাংকার প্রতিবেদন