ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। 

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণার সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ফলাফল ঘোষণা সমাপ্ত করেন। 

ইসি ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই শতাধিক আসনে জয়লাভ করেছে। 

জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে ইসি। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দল বেঁধে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে কমিশন জানায়। 

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন