ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

বাংলাদেশ ব্যাংকে এই প্রথম ব্যবসায়ী গভর্নর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ব্যাংকে এই প্রথম ব্যবসায়ী গভর্নর

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসিবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আরেকটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। ২০২৮ সালে ১৩ আগস্ট পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ ছিল। নতুন গভর্নর নিয়োগের আগে কয়েক দিন ধরে বাংলাদেশ ব্যাংকের একদল কর্মকর্তা আহসান এইচ মনসুরের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।

চুক্তি বাতিলের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান মনসুর বলেন, ‘পদত্যাগ করতে আমার মাত্র দুই সেকেন্ড সময় লাগবে।’ এদিকে সংবাদ সম্মেলনের পরই নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ে। এরপরই বাংলাদেশ ব্যাংক ছেড়ে আহসান এইচ মনসুর বাসায় চলে যান।

নতুন গভর্নরের পরিচিতি

অর্থ মন্ত্রণালয় সূত্রে পাওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমানের জীবনবৃত্তান্ত থেকে জানা যায়, তাঁর জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।

বিএনপি সূত্রে জানা গেছে, মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য ছিলেন।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে, মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেরা সোয়েটার্সের ৮৬ কোটি টাকা ঋণ রয়েছে। ঋণটি খেলাপি হয়ে গিয়েছিল। বিশেষ সুবিধার আওতায় গত বছরের জুনে তা পুনঃতফসিল করা হয়।

রপ্তানিমুখী পোশাক ছাড়াও মোস্তাকুর রহমানের আবাসন খাতে ব্যবসা রয়েছে বলে জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। এতে আরও জানানো হয়, তিনি ৩০ বছরের বেশি সময় ধরে আর্থিক খাত নিয়ে কাজ করছেন। বিশেষ করে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে কাজের অভিজ্ঞতা আছে তাঁর।

মোস্তাকুর রহমান বিজিএমইএ, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বারের সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি কাজ করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসছে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিবর্তন তো শুধু বাংলাদেশ ব্যাংকে হয়নি, পরিবর্তন অনেক জায়গায় হচ্ছে। এটা তো হতেই থাকবে। তিনি বলেন, ‘নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবকিছুর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবেই।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকা

হামিদুল্লাহ্‌ (১৯৭২-১৯৭৪) নাজিরউদ্দীন আহমেদ (১৯৭৪-১৯৭৬) মোঃ নূরুল ইসলাম (১৯৭৬-১৯৮৭) শেগুফতা বখ্‌ত চৌধুরী (১৯৮৭-১৯৯২) খোরশেদ আলম (১৯৯২-১৯৯৬) লুৎফর রহমান সরকার (১৯৯৬-১৯৯৮) মোহাম্মদ ফরাসউদ্দিন (১৯৯৮-২০০১) ফখরুদ্দীন আহমদ (২০০১-২০০৫) সালেহউদ্দিন আহমেদ (২০০৫-২০০৯) আতিউর রহমান (২০০৯-২০১৬) ফজলে কবির (২০১৬-২০২২) আব্দুর রউফ তালুকদার (২০২২-২০২৪) নুরুন নাহার (ভারপ্রাপ্ত) (২০২৪-২০২৪) আহসান এইচ মনসুর (২০২৪-২০২৬) ও মোঃ মোস্তাকুর রহমান (২০২৬-বর্তমান)।

উল্লেখ্য,  স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে ১৪ জন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। তাঁদের বেশির ভাগই ছিলেন আমলা। এবার সবকিছুর ব্যতিক্রম ঘটিয়ে একজন ব্যবসায়ী গভর্নর পেল বাংলাদেশ ব্যাংক।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন