ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পদে পরিবর্তন আসবে—এটি স্বাভাবিক প্রক্রিয়া।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।’
এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।
‘গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? বিশেষ কোনো কারণ আছে কিনা?’ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।
এএ
ব্যাংকার প্রতিবেদন