ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

১৫ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

প্রথম বৈঠকে ১১ বিষয়ের ওপর গুরুত্বারোপ নতুন গভর্নরের

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:০২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম বৈঠকে ১১ বিষয়ের ওপর গুরুত্বারোপ নতুন গভর্নরের

বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। প্রথম বৈঠকে তিনি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ-নির্ভর প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নবনিযুক্ত গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে একটি নাজুক অবস্থা থেকে লো লেভেল ইকুলিব্রিয়ামে নিয়ে এসেছে। এখন আমাদের দায়িত্ব সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ-নির্ভর প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া, যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

দায়িত্ব গ্রহণের পরপরই গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে কয়েকজন উপ-গভর্নর ও নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে গভর্নরকে স্বাগত জানান। 

নতুন গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ও নীতিগত অগ্রাধিকার তুলে ধরেন। 

সেগুলো হলো— অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, প্রবৃদ্ধি হতে হবে অন্তর্ভুক্তিমূলক— যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়, বন্ধ কল-কারখানা ও বাণিজ্য প্রতিষ্ঠান পুনরায় চালু করে অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে, বিনিয়োগ বাড়াতে উচ্চ সুদের হার বিষয়টি পর্যালোচনা করা হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দিয়ে দামের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে, বিভিন্ন কেইসে সিদ্ধান্ত হবে বস্তুনিষ্ঠ ও নীতিনির্ভর, ব্যাংকে নিয়ম-ভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে, কাজের গতি বৃদ্ধির জন্য ডেলিগেশন অব অথরিটি বাড়াতে হবে, সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।

বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এএইচ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন