ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশে। এ নিয়ে টানা তিন বছর কমেছে প্রবৃদ্ধির হার। এর আগের অর্থবছর ২০২৩-২৪ এ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৫.৭৮ শতাংশ। তার আগে ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.১০ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত হিসাবে এ তথ্য জানা গেছে।
মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সব ধরনের পণ্য ও সেবার চূড়ান্ত মূল্যকে বোঝায়।
বিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছর (২০২৪-২৫ অর্থবছর) বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় হিসাবের চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে বিবিএস। এতে ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব তুলে ধরা হয়েছে।
আগের অর্থবছর (২০২৩-২৪ অর্থবছর) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সেই তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৩১ মার্কিন ডলার বেড়েছে। এর আগে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার। এরপর ডলারের মান বৃদ্ধির কারণে ডলারের সমমূল্যে মাথাপিছু আয় আর বাড়েনি।
বিবিএস-এর হিসাবে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা আরো কমে দাঁড়ায় ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার।
বিবিএস-এর হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য মূলত ডলার বিনিময় হার বৃদ্ধির কারণে হয়েছে। গত অর্থবছরের মাথাপিছু আয় নির্ধারণে বিবিএস প্রতি ডলারের গড় বিনিময় হার ধরেছিল ১২০.৮২ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১.০৬ টাকা।
গত অর্থবছর (২০২৪-২৫ অর্থবছর) মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা। এর আগের অর্থবছর (২০২৩-২৪ অর্থবছর) তা ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।
খাতভিত্তিক তথ্য বলছে, গত অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি ধীর হয়েছে। তবে একই সময়ে শিল্প খাতে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন