ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

সিদ্ধান্ত পরিবর্তন, একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা পাবেন মুনাফা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৩১, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩১, ২২ জানুয়ারি ২০২৬

সিদ্ধান্ত পরিবর্তন, একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা পাবেন মুনাফা

আগের সিদ্ধান্ত থেকে সরে এসে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জমানো টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। তবে কোনো প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না। 

এর আগে নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নিয়েছিল যে, আমানতকারীদের এই দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করা হবে। অর্থাৎ তারা কোনো মুনাফা পাবেন না। এই সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুল্যেশন ডিপার্টমেন্ট আজ বুধবার পাঁচ ব্যাংকের প্রশাসক বরাবর পাঠিয়েছে।

ব্যাংক পাঁচটি হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।  

ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একইসঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।

চিঠিতে বলা হয়, মেয়াদি আমানত ও স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যাংক রেটে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করতে হবে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ভিত্তিতে সংশ্লিষ্ট সব আমানত স্থিতি পুনরায় হিসাবায়ন করতে হবে। পুনঃহিসাবায়নের ফলে যে আর্থিক প্রভাব পড়বে, তা উল্লেখ করে একটি সমন্বয় বিবরণীসহ সংশোধিত আমানত ও মুনাফার তথ্য তিন কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টে জমা দিতে হবে।

এছাড়া মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর মুনাফাভিত্তিক আমানতের ক্ষেত্রে যদি ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক রেটের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে প্রদান করা হয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফার বিপরীতে কিস্তি আকারে সমন্বয় করতে হবে। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত পরিশোধসূচি অনুসরণ করতে বলা হয়েছে।

তবে, ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানত ছাড়া অন্যান্য সব ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানত স্থিতি ও মুনাফা পুনঃহিসাবায়ন সংক্রান্ত এই নির্দেশনাগুলো রেজল্যুশন স্কিম–২০২৫ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন