ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা বন্ধ থাকবে ৯ দিন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:০৭, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০৭, ২৫ জানুয়ারি ২০২৬

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা বন্ধ থাকবে ৯ দিন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সকল ধরনের ডিজিটাল সেবা ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দিন বন্ধ থাকবে। এই সময়ে গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি বা সিস্টেম আপগ্রেডেশন কাজ করবে ব্যাংকটি।

এতে সম্মতি জানিয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব অনলাইন ব্যাংকিং সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। নগদ লেনদেনসহ সব শাখা ও উপশাখা পয়লা ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুধু নগদ লেনদেন ও সীমিত পরিসরে শাখাভিত্তিক ব্যাংকিং সেবা আবার চালু হবে। ৮ ফেব্রুয়ারি সব ধরনের নিয়মিত ও অনলাইন ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

জানা গেছে, ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে গ্রাহকসেবার মানোন্নয়ন ও লেনদেনের নিরাপত্তা সুসংহত করতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক তাদের ‘কোর ব্যাংকিং সিস্টেম’ (সিবিএস) আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এজন্য ব্যাংকটির নিয়মিত লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে।

এই বিশেষ কারিগরি ডাউনটাইম বা সেবা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে, যাতে ব্যাংকটি দীর্ঘ মেয়াদে গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে পারে।

এই ৮ দিনের মধ্যে অবশ্য ৩০ ও ৩১ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং ৪ ফেব্রুয়ারি শবে বরাতের নির্ধারিত ছুটি রয়েছে। তাতে শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম প্রকৃতপক্ষে বন্ধ থাকবে তিন দিন। তবে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা ৯ দিন বন্ধ থাকবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন