ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:০১, ২৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০২, ২৭ জানুয়ারি ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারে সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। আগামী ১০ দিনে আরো চারটি শাখা উদ্বোধন করা হবে। সব মিলিয়ে চলতি বছরেই দেশব্যাপী ২০ থেকে ২৫টি শাখা খুলতে যাচ্ছে বেসরকারি ব্যাংকটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাহাঙ্গীর টাওয়ারে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
এ সময় তিনি বলেন, ব্যবসা হলেও ব্যাংকিং মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান। সিটিজেনস ব্যাংকের মূল উদ্দেশ্য হবে সেবা দেয়া। তবে আমরা ক্ষুদ্র ঋণ নির্ভর ব্যাংক হয়ে ওঠতে চাই। করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিলেও আমাদের মূল দৃষ্টি থাকবে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের দিকে। আমরা ছোট ছোট গ্রাহককে বড় করে তুলতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, সিটিজেনস ব্যাংক দেশের নবীনতম ব্যাংক হলেও এটির আর্থিক কাঠামো খুবই শক্তিশালী। দেশে হাতে গোনা কয়েকটি ব্যাংকের ঋণ খেলাপি ৫ শতাংশের নিচে। তারমধ্যে সিটিজেনস ব্যাংক অন্যতম। এ ব্যাংকে ঋণ খেলাপির হার শূন্য দশমিক ২ শতাংশ মাত্র।
তিনি আরো বলেন, সিটিজেনস ব্যাংকে সব ধরনের সেবা পাবেন গ্রাহকেরা। এরইমধ্যে আমরা ইসলামী ও অফশোর ব্যাংকিং শুরু করেছি। সময়ের সঙ্গে আমাদের সেবাও বাড়বে। গত বছর পুরো ব্যাংকখাতেই হাতেগোনা কয়েকটি শাখা উদ্বোধন হয়েছে। সেখানে আমরা আটটি শাখা উদ্বোধন করেছি। আগামী ১০দিনে আরো চারটি শাখা উদ্বোধন করা হবে। সব মিলিয়ে চলতি বছরেই দেশব্যাপী আমরা আরো ২০ থেকে ২৫টি শাখা খুলতে চাই।
উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ব্যাংক এশিয়ার পরিচালক মো. আবুল কাশেম, সিটিজেনস ব্যাংকের পরিচালক এন কে এ মুবিন, এ কে এম শহিদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফ, দ্য খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর সভাপতি মাইকেল জন গোমেজ প্রমুখ।
এএ
ব্যাংকার প্রতিবেদন