ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬
দেশে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে এবং ২০২৫-২৬ অর্থবছরের চলমান সময়ে রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩০৮ মিলিয়ন মার্কিন ডলার।
গত বছরের একই সময়ে (১-২১ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল ১ হাজার ৯১৩ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ। আর ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনে দেশে ১৮২ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৭৪১ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫) এ পরিমাণ ছিল ১৭ হাজার ৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
তুলনামূলক হিসাবে চলতি অর্থবছরের এ সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬ শতাংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা অব্যাহত রাখা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের ফলে প্রবাসী আয় প্রবাহে এ ইতিবাচক ধারা বজায় রয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন