ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম আজ (মঙ্গলবার) এ তথ্য জানান।
অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কুমিল্লা ও এর সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে এ অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, 'অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত কবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ অধ্যাদেশ প্রণীত হয়েছে।
এটি কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এ সিটি কর্পোরেশন এলাকা সংলগ্ন যে সকল এলাকা নির্ধারণ করবে।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান থাকবেন। অধ্যাদেশটি কার্যকর হওয়ার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে। কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে এবং এর স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকবে। কর্তৃপক্ষের প্রধান কার্যালয় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় থাকবে।
প্রশাসনিক কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, এর আওতাধীন এলাকায় এক বা একাধিক শাখা কার্যালয় স্থাপন করতে পারবে।
কর্তৃপক্ষ একজন চেয়ারম্যান; চারজন সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি: জেলা প্রশাসক, কুমিল্লা বা ডিসি মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক; জেলা পুলিশ সুপার, কুমিল্লা বা এসপি মনোনীত একজন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার; গণপূর্ত অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি: এবং স্থাপত্য অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন নির্বাহী স্থপতি পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সিটি কর্পোরেশন মাধ্যমে গঠিত হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন