ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.০৬ বিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের ১৭ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ১ হাজার ৯৭০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৮১ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২১ হাজার ৪০৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৫৪৩ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, দেশে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনে যাচ্ছে তারা। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সে হিসাবে দুদিনে দেশের রিজার্ভ বেড়েছে ২৫ কোটি ডলার।
এএ
ব্যাংকার প্রতিবেদন