ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

ব্যাংকিং খাতের সংস্কারকাজ অব্যাহত রাখবে নতুন সরকার: গভর্নর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ব্যাংকিং খাতের সংস্কারকাজ অব্যাহত রাখবে নতুন সরকার: গভর্নর

দেশের ব্যাংকিং খাতের চলমান সংস্কারকাজ অব্যাহত রাখবে নতুন সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুনসুরকে এমন আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বিকেলে সচিবালয়ে তাদের মধ্যে একান্ত বৈঠকে এমন আশ্বাস দেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে গভর্নর গত কয়েক মাসে ব্যাংক খাতের জন্য নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান, ‘আমরা কী কী সংস্কার করছি, তার একটি সংক্ষিপ্ত বিবরণ অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কাছে তুলে ধরেছি। এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি এ ব্যাপারে খুবই ইতিবাচক।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, এটা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। মূল্যস্ফীতি তো কমাতেই হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই।

খেলাপি ঋণ কমানো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, বড় খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার করা, ঋণ পুনর্গঠন নীতিমালা কঠোর করা, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের চিহ্নিত  এবং ব্যাংকগুলোর শ্রেণিকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

গভর্নর বলেন, ‘ব্যাংকারদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন যে পদক্ষেপগুলো কাজ করতে শুরু করেছে।’ অর্থনীতিতে ঋণপ্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান গভর্নর।

বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়েও আলোচনা হয়েছে। গভর্নর বলেন, এ ব্যাংককে স্থিতিশীল রাখা প্রধান লক্ষ্য। পাঁচ ব্যাংকের পুরোনো আমানতকারীরা ধীরে ধীরে টাকা পাচ্ছেন। আসছে নতুন আমানতও।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন